বাল্যবিবাহ প্রতিরোধে রোয়াংছড়িতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
রোয়াংছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় শুভসংঘের সদস্যরা।
বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ওয়াগই পাড়ায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখা। বৃহস্পতিবার আয়োজিত এ সভায় শিশুদের নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অল্প বয়সেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ দরকার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা। শিমল তঞ্চঙ্গ্যা বলেন, শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে চলবে না। অভিভাবকদের সচেতন করা এবং সামাজিকভাবে বাল্যবিবাহ নিরুৎসাহিত করার পরিবেশ তৈরি করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক ও বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মার্মা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো ও অভিভাবকদের সচেতন করা জরুরি। কিশোর-কিশোরীদেরও নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে।
উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা বলেন, দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক কুসংস্কারের কারণে অনেক পরিবার বাল্যবিবাহের দিকে ঝুঁকে পড়ে। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষার প্রসার এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় প্রয়োজন।