তারাগঞ্জে তরুণদের স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করতে বসুন্ধরা শুভসংঘের সভা
ডেইলি সান রিপোর্ট, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম
তরুণদের স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে বসুন্ধরা শুভসংঘের তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তরুণেরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে লাগানো গেলে সমাজের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তরুণদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো কাজে সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবার মানসিকতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা জরুরি। বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম বাড়াতে হবে।
সভায় উপজেলার আগামী দিনের বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষাবিষয়ক উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, মাদক ও অপরাধবিরোধী সচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের সহায়তায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ বাড়ানো।
এ ছাড়া নতুন সদস্য সংগ্রহ, তরুণদের সংগঠনের কাজে উৎসাহিত করা, সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, পরিকল্পিত কর্মসূচি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তারাগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা হরলাল রায় ও অমল বাবু, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সাংগঠনিক সম্পাদক রহমত মণ্ডল এবং সদস্য লালবাবু রায়, নুর আলম বাদল, কোরবান আলী ও নজীর হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বসুন্ধরা শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।