EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

আমতলীতে ফসলের পরিচর্যা ও কীটনাশকের সঠিক ব্যবহার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

আমতলীতে ফসলের পরিচর্যা ও কীটনাশকের সঠিক ব্যবহার

ছবি: সংগৃহীত

অ অ

কৃষকদের ফসলের সঠিক পরিচর্যা, উৎপাদন বৃদ্ধি এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে বরগুনার আমতলীতে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফসলের ভালো ফলন ও গুণগত মান বজায় রাখতে জমির সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ, সময়মতো সেচ, আগাছা পরিষ্কার এবং রোগবালাই দমনের বিষয়ে কৃষকদের সচেতন থাকা প্রয়োজন। পাশাপাশি আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ফসলে পোকামাকড়ের আক্রমণ বা রোগবালাই দেখা দিলে প্রথমে তা সঠিকভাবে শনাক্ত করতে হবে। এরপর কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক নির্ধারিত মাত্রায় ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করলে মাটি, পানি ও পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মানবস্বাস্থ্য ও উপকারী পোকামাকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কীটনাশক ব্যবহারের সময় নির্ধারিত নিয়ম মেনে চলা, প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং ফসল সংগ্রহের আগে নির্ধারিত বিরতিকাল অনুসরণ করা জরুরি।

আলোচনা সভায় কৃষকদের নিয়মিত ফসলের মাঠ পর্যবেক্ষণ, জমির উর্বরতা রক্ষা, সঠিক সময়ে সার ও সেচ প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা ছড়িয়ে দেওয়া গেলে ফসলের উৎপাদন ও গুণগত মান উন্নত করা সম্ভব। এতে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের আর্থিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাছ তালুকদার মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, ফোরকান মৃধা, মো. মোতালেব, বশির হোসেন ও মো. বজলু মাদবরসহ স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা ।

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা মো. আল আমিন বাবু, সদস্য গাজী নাসির, নাজমুল হাসান, নাইমুর রহমান, সাব্বির খান ও সাকুরসহ অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে  আয়োজনটিতে অংশ নেন। 

সভায় বক্তারা বলেন, কৃষকদের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ। ফসলের পরিচর্যা ও কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

আলোচনা সভার মাধ্যমে কৃষকদের ফসলের সঠিক পরিচর্যা, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি অনুসরণে উৎসাহিত করা হয়।

আরও পড়ুন