লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের সম্মেলন, সম্মাননা পেল ৩০ সংগঠন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: ডেইলি সান
‘যুক্ত হই শুভ কাজে’ স্লোগানে লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জেলার আটটি ইউনিট ও ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ প্রায় সাড়ে ৪০০ মানুষ অংশ নেন।
সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে শুভসংঘের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আসেন। তাঁদের টি-শার্ট ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই উপহার দেওয়া হয়।
সম্মেলনের শুরুতে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। সম্মেলন উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, তরুণেরা মানুষের জন্য কাজ করে এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। সবাই প্রতিবেশীর খোঁজ নিলে ও মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে দুঃখ-দারিদ্র দূর করা সম্ভব।
এ কে এম মমিনুল হক বলেন, বসুন্ধরা গ্রুপ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়াচ্ছে। শুভসংঘের কার্যক্রম সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে শুভসংঘের শ্রেষ্ঠ সংগঠকদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি জেলার ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে ১০টি সংগঠনকে সনদ ও ক্রেস্টের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।
দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেলে সম্মেলন শেষ হয়।