EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সবুজবাগে শুভসংঘের উদ্যোগে তরুণদের মিলনমেলা

ডেইলি সান রিপোর্ট,

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

সবুজবাগে শুভসংঘের উদ্যোগে তরুণদের মিলনমেলা

ছবি: সংগৃহীত

অ অ

তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব জাগ্রত করার লক্ষ্যে রাজধানীর সবুজবাগে মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

এ কর্মসূচিতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের তরুণ সদস্যরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন।

আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে তরুণদের সামাজিক দায়িত্ব, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে তরুণদের মেধা, উদ্যম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহযোগিতায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং সবুজবাগ থানা শাখার সভাপতি সাগির মো. ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ থানা শাখার সহসভাপতি রাফিয়াতুজ জান্নাত, সহসাধারণ সম্পাদক ফারহানা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিনা আক্তার, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সাজিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, অর্থ সম্পাদক জিহাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক ইমরান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকাশ, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সোহাগ এবং সদস্য প্রশান্ত, নাছির ও অন্তুসহ সংগঠনের অন্য সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, “তরুণরা একটি সমাজের অন্যতম প্রধান শক্তি। তাদের মধ্যে মানবিকতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা গেলে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য।”

সবুজবাগ থানা শাখার সভাপতি সাগির মো. ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

তাঁরা বলেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা, পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হলে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

মতবিনিময়ে সামাজিক উন্নয়নে নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণ, তরুণদের নেতৃত্বের বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। সংগঠনের সদস্যরা স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার করেন।

আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা বিস্তৃত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। মানবিকতা, ঐক্য ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়ে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে চায় বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখা।

আরও পড়ুন