EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের পথসভা

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের পথসভা
অ অ

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন ও পথসভা করেছে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মৌচাক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি।

প্রতিদিন অসতর্কতা, বেপরোয়া গতিতে যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার এবং ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপারের কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেক পরিবারকে দীর্ঘমেয়াদি শারীরিক, মানসিক ও আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। তাই সড়কে চলাচলের সময় প্রত্যেককে নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নীরঞ্জন চন্দ্র দাস বলেন, ‘নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি আমাদের সবার অধিকার ও দায়িত্ব। সড়কে চলাচলের সময় সামান্য অসতর্কতা একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হতে পারে। তাই চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং পথচারীদেরও নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে।’

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং দুর্ঘটনামুক্ত সমাজ গঠনে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

কর্মসূচিতে নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। চালকদের বৈধ কাগজপত্রসহ যানবাহন চালানো, নির্ধারিত গতিসীমা মেনে চলা, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাঁধা এবং গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতা প্রয়োজন। একই সঙ্গে পথচারীদের ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং বা নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং চলন্ত যানবাহনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকা জরুরি।

এলাকাবাসীর মতে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কার্যকর করা, বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় গতিরোধক ও সড়কচিহ্ন স্থাপন এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করা দরকার। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।

তারা মনে করেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, যাত্রী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।

বসুন্ধরা শুভসংঘের কালিয়াকৈর উপজেলা শাখার এ উদ্যোগের মাধ্যমে সড়কে সচেতন ও দায়িত্বশীল আচরণের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবার সম্মিলিত সচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বশীল চলাচলের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে নিরাপদ সড়কব্যবস্থা, যেখানে সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবারকে প্রিয়জন হারানোর বেদনা বহন করতে হবে না।

আরও পড়ুন