সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের সম্মেলন, সেরা সংগঠক সম্মাননা পেলেন ৬৫ জন
তরিকুল ইসলাম জেন্টু, বগুড়া ও ফরিদুল করিম, নওগাঁ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: ডেইলি সান
বগুড়ার সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগের আট জেলার বিভাগীয় সম্মেলনে ৬৫ জনকে ‘সেরা সংগঠক’ সম্মাননা দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমে অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দুজন জ্যেষ্ঠ সাংবাদিককে ‘কৃতি সাংবাদিক সম্মাননা’ দেওয়া হয়েছে।
‘মানবতার সাথে চলার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুরে শখের পল্লী বিনোদন কেন্দ্রের হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের আট জেলার তিন শতাধিক বন্ধু অংশ নেন।
সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা সদস্যরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের কার্যক্রমে অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬৫ জনকে ‘সেরা সংগঠক’ সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সান্তাহারের প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টু ও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসারকে ‘কৃতি সাংবাদিক সম্মাননা’ দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনটির আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমদাদুল হক মিলন।
সম্মেলনে বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
দিনব্যাপী এ সম্মেলন বসুন্ধরা শুভসংঘের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে শেষ হয়। এতে বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।