সাভারে প্রতিবন্ধী দুলাল খানের পাশে বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট, সাভার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: ডেইলি সান।
সাভারে শারীরিক প্রতিবন্ধী দুলাল খানের জীবিকা নির্বাহ সহজ করতে কম্পিউটার সামগ্রী দিয়ে সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘ। তাঁর হাতে একটি ইউপিএসসহ প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রী তুলে দিয়েছে সংগঠনটির সাভার উপজেলা শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সাভারের ব্যাংক কলোনিতে অবস্থিত মাদরাসা অব দ্য হলি কুরআন প্রাঙ্গণে এ সহায়তা দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সাভার শিশু একাডেমি স্কুলের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুলাল খানের হাতে কম্পিউটার সামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা অব দ্য হলি কুরআনের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন।
দুলাল খান সাভারের ওয়াবদা রোড এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. দেলোয়ার খান ও মা মনোয়ারা বেগম। জন্মগতভাবে স্পাইন রোগে আক্রান্ত হওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তাঁর সংসার। তাঁর ছেলে বর্তমানে ধামরাই সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন।
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে থাকেননি দুলাল খান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ঘরে বসে কম্পিউটারে কম্পোজের কাজ করেন তিনি। এই কাজ থেকে পাওয়া সীমিত আয় দিয়েই চলে তাঁর সংসার। শারীরিক অসুস্থতার কারণে বাইরে গিয়ে নিয়মিত কাজ করা সম্ভব না হওয়ায় কম্পিউটারে কাজ করাই তাঁর জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।
সম্প্রতি কাজের সুবিধার জন্য একটি ইউপিএস ও প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রীর দরকারের কথা বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখাকে জানান দুলাল খান। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় তাঁকে এসব সামগ্রী দেওয়া হয়।
সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে দুলাল খান বলেন, ‘এই সহযোগিতা আমার জন্য অনেক উপকারের হবে। কম্পিউটারে কাজ করে আমি পরিবারের জীবিকা নির্বাহ করি। ইউপিএস পাওয়ায় এখন কাজ করতে আমার অনেক সুবিধা হবে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। মানুষের প্রয়োজনের সময়ে সামান্য সহযোগিতাও একটি পরিবারের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই প্রত্যয়কে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দুলাল খানের মতো সংগ্রামী মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, নারী বিষয়ক সম্পাদক আয়শা আক্তার নূপুর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানু সুলতানা, অর্থ বিষয়ক সম্পাদক রাজিয়া জেসমিন বব, সহ-দপ্তর সম্পাদক তারিন আক্তার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আ. গনি, সহ-ক্রীড়া সম্পাদক মো. শেখ জুলহাস, সদস্য নাবিলা তাবাসুম, শারমিন আক্তার সুমি, আব্দুল কাইয়ুম, তাইয়েবা তাবাসসুম, মো. আমিনুল ইসলাম, মো. নূরুল ইসলাম ও আমির হামজাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।