EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নরসিংদীতে পাঁচ শতাধিক মানুষকে খাবার দিল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, নরসিংদী

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

নরসিংদীতে পাঁচ শতাধিক মানুষকে খাবার দিল বসুন্ধরা শুভসংঘ

ছবি: ডেইলি সান

অ অ

নরসিংদীতে পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে একবেলার খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘মানুষের পাশে মানুষ’ প্রত্যয় নিয়ে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌর পার্কে ‘দারিদ্র্যের হোটেল’ সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী। তিনি নিজ হাতে মানুষের মধ্যে খাবার তুলে দেন এবং তাঁদের খোঁজখবর নেন।

খাবার নিতে দুপুরে পৌর পার্কে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। একবেলার খাবার পেয়ে তাঁদের অনেকের মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানে মঞ্জুর এলাহী বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান ব্যক্তিদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবিকতা নিহিত। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নরসিংদী জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মনির। তাঁর তত্ত্বাবধানে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা খাবার বিতরণসহ পুরো কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাসেল বিন হাসানাত, ‘দারিদ্র্যের হোটেল’-এর স্বপ্নদ্রষ্টা আসাদুজ্জামান নূর, আজহার শামীম, প্রনয় সাহা, আশিক, ইফাদসহ অন্য স্বেচ্ছাসেবকেরা। খাবার বিতরণে ‘দারিদ্র্যের হোটেল’ সংগঠনের সদস্যরাও সহযোগিতা করেন।

মাহবুবুর রহমান মনির বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে মানুষের মৌলিক চাহিদার প্রতি সহমর্মিতা জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়া শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রকাশ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে বৈষম্য কমানোর পাশাপাশি মানবিক বন্ধন আরও শক্তিশালী হবে।

কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, ‘দারিদ্র্যের হোটেল’ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষেরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন