EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নগরকান্দায় ২০ নারীকে সেলাই প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

নগরকান্দায় ২০ নারীকে সেলাই প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ

ছবি: ডেইলি সান

অ অ

ফরিদপুরের নগরকান্দায় ২০ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে তাঁদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে, যাতে তাঁরা নিজ উদ্যোগে আয় করতে পারেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির লক্ষ্য স্থানীয় অসচ্ছল নারীদের সেলাই কাজে দক্ষ করে তোলা, তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা।

বসুন্ধরা শুভসংঘের নগরকান্দা উপজেলা সভাপতি ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়, সালথা উপজেলা সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, নগরকান্দা উপজেলা শাখার সহসভাপতি মো. সিরাজ খলিফা, সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন এবং প্রশিক্ষক খুশি বেগমসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসচ্ছল নারীরা কাজের দক্ষতা অর্জন করতে পারবেন। পাশাপাশি নিজেদের আয়ের পথ তৈরি করে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন। এ প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বাড়াতেও সহায়তা করবে।

তাঁরা আরও বলেন, প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে নারীরা ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন। এতে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেওয়ার এবং অর্জিত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা জানান, তিন মাসের প্রশিক্ষণে ২০ জন নারীকে সেলাই কাজে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের সেলাই মেশিন দেওয়া হবে, যাতে তাঁরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় করতে পারেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারীদের দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন