নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
নারী নির্যাতন, নারী ও শিশু পাচার এবং যৌতুক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জের ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন, যৌতুক এবং নারী ও শিশু পাচার সমাজের গুরুতর সমস্যা। এসব অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক মূল্যবোধের চর্চা জরুরি। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কিশোরী ও তরুণীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।
বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ তাঁর বক্তব্যে নারী নির্যাতন ও নারী-শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরেন। তিনি এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য খালেদা আক্তার, বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান (স্বাধীন খান), সহ সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাহের আহমদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম এবং সংগঠনের সদস্য অসিম তালুকদার, লাকী আক্তার, পূজা রানী দাস ও রুপালী আক্তারসহ অন্যরা।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।