মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী শপথ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা ও মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সদস্যরা মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তারা নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে মাদকের কুফল ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী এবং সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর জাহিদুল ইসলামকে সভাপতি ও মো. শাহরিয়া হাসানকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘের ৪১ সদস্যবিশিষ্ট বীরগঞ্জ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে সাংবাদিক সোহেল আহমেদ উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।