সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন পাচ্ছেন সালথার ২০ নারী
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
ফরিদপুরের সালথায় অসচ্ছল ২০ নারীকে স্বাবলম্বী করতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
অসচ্ছল নারীদের সেলাই কাজে দক্ষ করে তোলা, তাদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই কর্মসূচির লক্ষ্য।
বসুন্ধরা শুভসংঘের সালথা উপজেলা সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বক্তারা বলেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে তাঁদের হাতে কাজ তুলে দেওয়া এবং দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মদক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ তৈরি করতে পারবেন। এতে পরিবারের আর্থিক চাপ কমবে এবং নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বনির্ভর জীবন গঠনে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।