বসুন্ধরা শুভসংঘ ও এনএসইউ সোস্যাল সার্ভিসেস ক্লাবের মতবিনিময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
সমাজের কল্যাণে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবী কার্যক্রমকে গতিশীল করা এবং মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোস্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম, তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘ প্রধান, প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান। এনএসইউ সোস্যাল সার্ভিসেস ক্লাবের প্রতিনিধি হিসেবে ছিলেন হুমায়রা ইকবাল অহনা, তায়মুনা বিনতে শামস, নাজিফা উলফাত ফারিহা, তাসনিয়া রহমান আফরিন, তনয় পাল, তাজিম, ফুয়াদ, নাবিল প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা তৈরি করে। তরুণদের উদ্যোগে পরিচালিত সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হবে।
ইমদাদুল হক মিলন তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শুধু নিজের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও তরুণদের কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’
তিনি বলেন, ‘তরুণদের মধ্যে উদ্যম, সৃজনশীলতা ও পরিবর্তনের শক্তি রয়েছে। এই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারলে সমাজের অনেক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড তরুণদের মানুষের কাছাকাছি নিয়ে যায় এবং তাদের মধ্যে দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।’
ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘ এবং এনএসইউ সোস্যাল সার্ভিসেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং তরুণ নেতৃত্ব বিকাশে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও উঠে আসে। এমন আয়োজন তরুণদের সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার করা এবং জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।