EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুঁই-সুতায় স্বপ্ন বুনছেন বোয়ালমারীর ২০ নারী, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

সুঁই-সুতায় স্বপ্ন বুনছেন বোয়ালমারীর ২০ নারী, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু

বোয়ালমারীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী নারীরা। ছবি: সংগৃহীত

অ অ

সুঁই-সুতার কাজে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ফরিদপুরের বোয়ালমারীর ২০ জন নারী। তাঁদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বসুন্ধরা শুভসংঘ। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও পারিবারিক সচ্ছলতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকেলে বোয়ালমারী পৌর সদরের জর্জ একাডেমি স্কুল চত্বরে বসুন্ধরা শুভসংঘের বোয়ালমারী উপজেলা কমিটির উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের আয়মুখী কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাসান মোল্যা, সাধারণ সম্পাদক মো. অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান মিঠু সিকদার, আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমাম মেহেদী, অর্থ সম্পাদক গুরুদাস ও প্রশিক্ষক মিনা খানম। ২০ জন প্রশিক্ষণার্থীও অনুষ্ঠানে ছিলেন।

বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করতে শুধু সহায়তা নয়, দক্ষতা অর্জনের সুযোগও তৈরি করতে হবে। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে আয়ের পথ তৈরি করতে পারবেন। এতে পরিবারের অর্থনৈতিক চাপ কমবে এবং নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বাড়বে।

তাঁরা আরও বলেন, একটি প্রশিক্ষণ একজন নারীর জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে। নারী নিজে আয় করতে পারলে তার ইতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবারে। তাই প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিতে এবং ভবিষ্যতে অর্জিত দক্ষতা কাজে লাগাতে আহ্বান জানান বক্তারা।

আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় নারীদের সেলাইয়ের কাজে দক্ষ করে তোলার পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বনির্ভর জীবন গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন