আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
কুষ্টিয়ায় ১৫ মেধাবী কন্যাশিশুকে বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম
কুষ্টিয়ায় মেধাবী কন্যাশিশুদের উপহার তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ১৫ জন মেধাবী কন্যাশিশু শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখা। রবিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি ক্লাসের প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে খাতা, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্স দেওয়া হয়। সংবর্ধনা ও উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে শিশুরা। এ জন্য তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।
বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মিরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার ও শিক্ষক বশির আহমেদ। এ সময় জেলা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আখতারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আসমা আনসারী মিরু বলেন, কন্যাশিশুরা শুধু পরিবার বা সমাজের অংশ নয়, তারা ভবিষ্যৎ পৃথিবীর মূল চালিকাশক্তি। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং দেশের নেতৃত্বদানকারী নাগরিক।
তিনি আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে এখনো প্রতি তিন সেকেন্ডে একটি করে বাল্যবিবাহ হচ্ছে। বাল্যবিবাহ, পুষ্টিহীনতা, মানসম্মত শিক্ষার অভাব ও নিরাপত্তার সংকট কন্যাশিশুদের সম্ভাবনাকে কুঁড়িতেই ঝরিয়ে দিচ্ছে। একটি কন্যাশিশুকে পিছিয়ে রাখা মানে পুরো সমাজ ও দেশকে পিছিয়ে রাখা।