‘কন্যাশিশুর ক্ষমতায়নেই আগামীর বাংলাদেশ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘কন্যাশিশুর ক্ষমতায়নেই আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। আলোচনায় বক্তারা কন্যাশিশুর শিক্ষা, সমান অধিকার, আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনে তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদেকুল ইসলাম।
সাদেকুল ইসলাম বলেন, ‘কন্যাশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করা মানে শুধু শিক্ষার সুযোগ দেওয়া নয়; বরং নিজেদের মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ এবং স্বপ্ন অনুযায়ী ভবিষ্যৎ গড়ার স্বাধীনতা নিশ্চিত করা। কন্যাশিশুর প্রতি বৈষম্য, বাল্যবিবাহ, যৌতুক ও শিক্ষাবঞ্চনা দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি যোগ করেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দক্ষ কর্মী, বিজ্ঞানী ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল মমিন বলেন, ‘কন্যাশিশুকে বোঝা হিসেবে নয়, সম্ভাবনা হিসেবে দেখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, জীবনদক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনও মেয়েদের জন্য জরুরি। তাদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করতে পারলে তারাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
মুক্ত আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টির পাশাপাশি অনলাইন ও অফলাইনে হয়রানি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কন্যাশিশুরা যেন নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারে, সমাজকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।
কর্মসূচির শেষে আয়োজকেরা কন্যাশিশুর সম্ভাবনার বিকাশ নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি প্রিয়া খাতুন ও নুসরাত ঐশি, সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী, সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া তাসনীম সুভীসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।