EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কন্যাশিশুর অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

কন্যাশিশুর অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে শুভসংঘের সভা

নাটোরে কন্যাশিশুদের সাইবার বুলিং-বিষয়ক সচেতনতা সভা। ছবি: সংগৃহীত

অ অ

নাটোরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে অনলাইন নিরাপত্তা ও সাইবার বুলিং সম্পর্কে সচেতন করতে সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার সকালে নাটোরের এইচডিএফ লার্নিং সেন্টার ফর স্পেশাল এডুকেশনে আয়োজিত সভায় অংশ নেয় কন্যাশিশুরা।

সভায় সাইবার বুলিংয়ের ধরন, অনলাইনে হয়রানির ঝুঁকি ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিশুদের ধারণা দেওয়া হয়। আলোচনায় বলা হয়, ভুয়া পরিচয়ে যোগাযোগ, আপত্তিকর বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য সাইবার বুলিংয়ের বিভিন্ন রূপ। পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

হয়রানির শিকার হলে করণীয়

শিশুদের বলা হয়, অনলাইনে কেউ হয়রানি করলে বা ভয় দেখালে আতঙ্কিত হওয়া কিংবা নিজেকে দোষারোপ করার প্রয়োজন নেই। বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক বা দায়িত্বশীল কাউকে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ করতে হবে। বক্তারা আরও বলেন, হয়রানির শিকার কাউকে দোষ না দিয়ে তার পাশে দাঁড়াতে হবে, কারণ সাইবার বুলিং শিশুর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের শিক্ষা, যোগাযোগ ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অসচেতন ব্যবহারে বিশেষ করে মেয়ে শিশুরা হয়রানির শিকার হতে পারে। নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা চাই, প্রতিটি শিশু ভয় ও হয়রানিমুক্ত পরিবেশে বেড়ে উঠুক।’

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন