ইবিতে সাপের উপদ্রবে শিক্ষার্থীদের সচেতন করল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
ইবিতে সাপ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করছেন স্নেক রেসকিউ টিমের সদস্য। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ ইবি শাখা। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি সংলগ্ন ফুটবল মাঠে সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশে সাপের উপদ্রব নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের স্নেক রেসকিউ টিমের সদস্য ফারহানা ইয়াসমিন। তিনি সাপের বিষয়ে সতর্কতা, উপদ্রব কমানোর উপায় এবং করণীয় তুলে ধরেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সাপের বিভিন্ন ধরন, সাপে কাটলে পরবর্তী করণীয় ও সচেতনতাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে সাপের উপদ্রব বেড়েছে। তাই শিক্ষার্থীদের সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সভাপতি নাজমুল হুসাইন বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে। সম্প্রতি শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল ও রাস্তা থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে, যা উদ্বেগের। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই এ আয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন, অর্থ সম্পাদক হাম্মাদ তালুকদার, ক্রীড়া সম্পাদক মাওয়াজুর রহমান, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মারজিয়া আক্তার দিশা, আপ্যায়নবিষয়ক সম্পাদক সবুজ আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিরা মানিক এবং কার্যকরী সদস্য সাকিব মাহমুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জিসান নজরুল ও সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তানিম তানভীরও উপস্থিত ছিলেন।