বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম
বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়ম শেখাচ্ছেন শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা, হাত ধোয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
‘পরিচ্ছন্ন বিদ্যালয়, সুস্থ জীবন’ বার্তাকে সামনে রেখে বুধবার (৭ অক্টোবর) উত্তর পূর্ব ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের বোরহানউদ্দিন উপজেলা শাখা এ আয়োজন করে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় জানানোই ছিল লক্ষ্য।
কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কারের পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। হাতে-কলমে শেখানো হয় সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি। খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে বিদ্যালয়ে ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি নিয়মিত সরানো, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও ডাবের খোসায় পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেওয়া হয়। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়।
বক্তারা বলেন, ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির অভ্যাস গড়ে তুলতে পারলে তা শিশুদের ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের মাধ্যমে এসব বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব।
শাখার সভাপতি আবদুর রহমান জানান, বসুন্ধরা শুভসংঘ নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করছে। ভবিষ্যতেও স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার ইভেন্ট সম্পাদক তাওহিদ ইসলাম তাহিন, প্রচার সম্পাদক শাহিন আহমেদ, কার্যকরী সদস্য ইসরাত জাহান তিষা ও নুসরাত জাহান তিনাসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শুভসংঘের সদস্যরা।
সদস্যদের প্রত্যাশা, বিদ্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনতার বার্তা শিক্ষার্থীদের পরিবার ও পুরো সমাজে ছড়িয়ে পড়বে।