অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল
বগুড়ার শেরপুরে অসহায় বৃদ্ধ আব্দুল জব্বারের পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
শেরপুরে বৃদ্ধ আব্দুল জব্বারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বসুন্ধরা শুভসংঘ। ছবি: সংগৃহীত
বয়সের ভারে ন্যুব্জ ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল জব্বার মন্ডল। তিন সদস্যের পরিবার নিয়ে একসময় সচ্ছলতা থাকলেও, কর্মক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ধরে অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তাঁর। অসহায় এই বৃদ্ধের চরম দুর্দশার খবর পেয়ে এক মাসের খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামে বৃদ্ধের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
এর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি করে ডাল, লবণ ও চিনি, ৩ কেজি মাংস ও ৩ কেজি মাছ। এ ছাড়া আছে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, বেগুন, করলা, আদা-রসুন, কাঁচা মরিচ, সাবানের গুঁড়া ও একটি গায়ে মাখার সাবান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ঠিকাদার মো. রাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ মাহবুবার রহমান, শাখার সহ-সভাপতি ডা. সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং সদস্য সজিব আহম্মেদসহ অন্যরা।
খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল জব্বার মন্ডল। আনন্দে তাঁর দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি বলেন, সংসারে অভাব-অনটনের কারণে অনেক সময় ঠিকমতো খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে। বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা শুভসংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের কর্মক্ষমতা হারানো অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উদ্যোগ সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।