EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ক্যারিয়ার গঠনে দক্ষতা ও সফট স্কিল উন্নয়নের পরামর্শ বসুন্ধরা শুভসংঘের

শুধু সনদ নয়, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ক্যারিয়ার গঠনে দক্ষতা ও সফট স্কিল উন্নয়নের পরামর্শ বসুন্ধরা শুভসংঘের
অ অ

তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা ও মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, সফট স্কিল উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেন বক্তারা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম। এ সময় বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাদেকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে বেকারত্ব মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন জরুরি। শুধু একটি সনদ অর্জন করলেই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়া সম্ভব নয়। কর্মক্ষেত্রের উপযোগী হতে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও প্রায়োগিক দক্ষতা অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার এবং পারিবারিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান। ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্ব দেন তিনি।

সফট স্কিল উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সাদেকুল ইসলাম বলেন, কার্যকর যোগাযোগ, দলগতভাবে কাজ করার সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতেই এ আয়োজন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, নৈতিক মূল্যবোধ ও আধুনিক দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে তরুণরা নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।

সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও গঠনমূলক ও শিক্ষণীয় কার্যক্রম আয়োজন করা হবে।

মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পান। প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন