জীবিকা উন্নয়নে মফিজ আলীর পাশে বসুন্ধরা শুভসংঘ
ব্যবসা শুরুর জন্য ১৬ ধরনের পণ্যসামগ্রী পেলেন হতদরিদ্র মফিজ
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
অসহায় ও হতদরিদ্র মানুষের জীবন-জীবিকার মানোন্নয়নে সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মফিজ আলীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে তার হাতে ১৬ ধরনের পণ্যসামগ্রী তুলে দিয়েছে সংগঠনটি।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা চিনাকান্দি গ্রামে মফিজ আলীর হাতে এসব ব্যবসায়িক পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
চিনাকান্দি গ্রামের বাসিন্দা মফিজ আলী দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তার এক ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালান। ফলে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হয় মফিজ আলীকে।
তার আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্যরা তার সঙ্গে কথা বলেন। এ সময় মফিজ আলী নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন। তার প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।
পণ্যসামগ্রী তুলে দেওয়ার সময় বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। মফিজ আলী এসব সামগ্রী কাজে লাগিয়ে ব্যবসা শুরু করবেন এবং ধীরে ধীরে তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন হবে—এটাই আমাদের প্রত্যাশা।’
এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহ আলম, সহসভাপতি সিরাজ খন্দকার ও সুস্মিতা হাজং, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, রিজিলা হাজং ও শাপলা হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মফিজ আলীর স্ত্রী হামেদা খাতুন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে মফিজ আলী বলেন, বসুন্ধরা শুভসংঘের দেওয়া পণ্যসামগ্রী দিয়ে তিনি ব্যবসা শুরু করে নিজের ও পরিবারের জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে চান। এই সহায়তা তার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।