EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

হাতীবান্ধায় সাইবার বুলিং রুখতে শুভসংঘের সভা

অনলাইনে দায়িত্বশীল আচরণ ও সাইবার বুলিংয়ের শিকার হলে চুপ না থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

হাতীবান্ধায় সাইবার বুলিং রুখতে শুভসংঘের সভা
অ অ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকাতে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে সভাটি অনুষ্ঠিত হয়।

আয়োজন করে শুভসংঘের হাতীবান্ধা উপজেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন শাখার নেতারা। প্রধান আলোচক ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কলেজের প্রভাষক মো. জাকির হোসেন।

জাকির হোসেন বলেন, তরুণ প্রজন্মের জীবনের বড় অংশ এখন কাটে অনলাইনে। সামাজিক যোগাযোগমাধ্যম জ্ঞান অর্জন ও যোগাযোগের একটি মাধ্যম হলেও এর অপব্যবহার ব্যক্তিজীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে।

তিনি বলেন, কাউকে অপমান বা হেয় করা, অনাকাঙ্ক্ষিত তথ্য ছড়ানো কিংবা অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি ও তথ্য প্রকাশ করাও সাইবার বুলিংয়ের মধ্যে পড়ে। এতে একজন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তাই অনলাইনে মন্তব্য বা পোস্ট করার আগে তার প্রতিক্রিয়া ভেবে দেখা জরুরি। তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুভসংঘের লালমনিরহাট জেলা শাখার প্রতিনিধি আফছানা নাহিদ আখি বলেন, সাইবার বুলিং শুধু অনলাইনের বিষয় নয়, এর নেতিবাচক প্রভাব বাস্তব জীবনেও পড়ে। একটি কটূক্তি বা অপমানজনক পোস্ট মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শান্তি নষ্ট করতে পারে।

তিনি পরামর্শ দেন, কেউ সাইবার বুলিংয়ের শিকার হলে চুপ না থেকে পরিবার, শিক্ষক বা বিশ্বস্ত কাউকে জানাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট ও ব্লক করতে হবে। প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংরক্ষণ করার কথাও বলেন তিনি। পাশাপাশি নিজেদেরও কারও ব্যক্তিগত বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন