EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে প্রবীণদের বিনামূল্যে ওষুধ দিল বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে ওষুধ দেওয়ার পাশাপাশি প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন সংগঠনের সদস্যরা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

বৃদ্ধাশ্রমে প্রবীণদের বিনামূল্যে ওষুধ দিল বসুন্ধরা শুভসংঘ
অ অ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের বিনামূল্যে ওষুধ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার ছোটসোহাগী (ফুলবাড়ী) এলাকার মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

প্রবীণদের স্বাস্থ্যসুরক্ষার কথা ভেবে ওষুধের তালিকা সাজানো হয়। এতে ছিল রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ। এ ছাড়া জ্বর, সর্দি-কাশির ওষুধ, ভিটামিন ও স্যালাইনসহ প্রয়োজনীয় আরও কিছু ওষুধ দেওয়া হয়।

কর্মসূচিটি শুধু ওষুধ বিতরণে সীমাবদ্ধ ছিল না। শুভসংঘের সদস্যরা প্রবীণদের সঙ্গে সময় কাটান। এতে বৃদ্ধাশ্রমে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। অনেক প্রবীণের মুখে দেখা যায় প্রশান্তির হাসি।

আশ্রমের ৬৮ বছর বয়সী বাসিন্দা পূর্ণিমা রানী বলেন, শুভসংঘের ছেলেমেয়েরা নিয়মিত তাঁদের খোঁজখবর নিতে আসে। তিনি বলেন, ‘আমরা তাঁদের জন্য মন থেকে দোয়া করি।’

প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রবীণেরা সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। জীবনের দীর্ঘ সময় তাঁরা দেশ ও সমাজের জন্য অবদান রেখেছেন। তাঁদের সুস্থতা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করা সবার মানবিক দায়িত্ব।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও প্রবীণদের সঙ্গে সময় কাটানোর উদ্যোগ নেওয়ায় তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আপেল মাহমুদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায়। এভাবে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক মাসে অন্তত দুদিন আশ্রমে এসে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা করতেন, তাহলে তাঁরা অনেক উপকৃত হতেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মন্ডল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রঊফ, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু বাসার স্মরণও।

বসুন্ধরা শুভসংঘের পক্ষে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন আহমেদ বিপ্লব এবং সদস্য অয়ন সুলতান, শিহাব প্রধান, দীপ মহন্ত ও মিম। সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর আলম মিয়া নুর ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকাশও ছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিক হাসান জীবন, সহ-সভাপতি রিমি আক্তার, সহ-সাধারণ সম্পাদক জেরিন আক্তার, অর্থ সম্পাদক নাবিল সরকার ও নারীবিষয়ক সম্পাদক ফেরদৌসি সাথী এবং অন্য সদস্যরাও অংশ নেন।

শুভসংঘের সদস্যরা জানান, প্রবীণদের স্বাস্থ্যসুরক্ষা, মানসিক স্বস্তি ও জীবনযাত্রার মানোন্নয়নের কথা ভেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।

আরও পড়ুন