নারী শিক্ষার কোনো বিকল্প নেই: ড. বাহাউদ্দিন গোলাপ
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
একটি উন্নত, মেধাভিত্তিক ও বৈষম্যহীন জাতি গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ড. বাহাউদ্দিন গোলাপ।
তিনি বলেছেন, একজন শিক্ষিত নারী শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেন না, পরিবার ও সমাজকেও আলোর পথে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। তাই নারীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশালের বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘নারী শিক্ষার গুরুত্ব ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
ড. বাহাউদ্দিন গোলাপ বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নারীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ানো গেলে তারা পরিবার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সেমিনারে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এর সঙ্গে সমাজের সামগ্রিক অগ্রগতি জড়িত। নারীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পরিবেশ তৈরি করতে হবে।
বাল্যবিবাহ, নারী নির্যাতন, বৈষম্যসহ শিক্ষার পথে থাকা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে বক্তারা এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ, সমাজসেবক ও পৌর বিএনপি সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান এবং পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক আবু সাঈদ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শুভসংঘের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।