প্লাস্টিক দূষণ রোধে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা। তারা বলেছেন, যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলে দেওয়ার কারণে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের তিতুমীর কলেজ শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, প্লাস্টিক সহজে পচে মাটির সঙ্গে মিশে যায় না। দীর্ঘদিন পরিবেশে পড়ে থেকে এটি ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাটি ও পানিতে ছড়িয়ে পড়তে পারে। নদী, খাল ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য জমে জলজ প্রাণীর জন্যও ঝুঁকি তৈরি করছে।
প্লাস্টিক বর্জ্য নালা, ড্রেন ও পয়োনিষ্কাশন ব্যবস্থায় জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করতে পারে উল্লেখ করে বক্তারা বলেন, এতে বৃষ্টির সময় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা থাকে।
সভায় শিক্ষার্থীদের বাজার ও দৈনন্দিন কাজে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগসহ পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ব্যবহৃত প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলা এবং সম্ভব হলে পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন বলেন, ‘পরিবর্তন শুরু করতে হবে ব্যক্তি সচেতনতা থেকে। আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে প্লাস্টিকের ব্যবহার কমাই এবং যেখানে-সেখানে প্লাস্টিক না ফেলি, তাহলে ধীরে ধীরে ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্র পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
তিনি বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে সেই সচেতনতা পরিবার ও সমাজেও ছড়িয়ে দেওয়া সম্ভব। তাই পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
শাখার সভাপতি নয়ন আলী বলেন, প্লাস্টিক দূষণ রোধে শুধু নির্দিষ্ট কোনো দিন নয়, প্রতিদিনের জীবনযাপনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্ন ক্যাম্পাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় শাখার সহসভাপতি জাহিদ হাসান ও জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক চন্দন চন্দ্র দাস, প্রচার সম্পাদক বাবু শুভ সরকার, কার্যনির্বাহী সদস্য শাহিন ইসলাম শানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।