মহানন্দা নদীর তীরে বিশ্ব নদী দিবসে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মহানন্দা নদীর তীরে পোস্টার প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষা, দখল-দূষণ প্রতিরোধ এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহানন্দা নদীর তীরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে পল্লী ফাউন্ডেশন।
কর্মসূচিতে মহানন্দা নদী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা, নদী দখল ও দূষণ বন্ধ করা, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ‘মহানন্দা ঘোষণা ২০২৬’ উপস্থাপন করা হয়। ঘোষণায় মহানন্দার স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষা, নদী দখল ও দূষণ প্রতিরোধ, নদী ব্যবস্থাপনায় নদীনির্ভর মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী হালিম রাজ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল এম তাহির হোসেন, প্রিন্সিপাল তাজেমুল হক, পল্লী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সুমাইয়া হালিম, কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা, নদীপ্রেমী ও সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, ‘মহানন্দা শুধু একটি নদী নয়—এটি মানুষের জীবন, জীবিকা, প্রকৃতি ও স্মৃতির ধারক।’ নদী রক্ষার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার, নিরাপত্তা ও জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে হাজী হালিম রাজ বলেন, ‘মহানন্দাকে বাঁচাতে হলে মহানন্দার মানুষকে সঙ্গে নিয়েই এগোতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব।’
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহানন্দা সহ সারা দেশের নদী রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানো, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।