নাচ-গানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব উদযাপন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত শরৎ উৎসবে শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: সংগৃহীত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শরৎ উৎসব। শনিবার (২৬ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস রূপ নেয় সংস্কৃতি ও প্রকৃতির মিলনমেলায়। দিনব্যাপী এই মুক্ত আয়োজনে নাচ, গান, আবৃত্তি ও আলোচনা পর্ব অন্তর্ভুক্ত ছিল। ব্যস্ত একাডেমিক জীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।
-6ab7b1ab5d0e5.jpg)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. শাহেদ আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণদের মাঝে ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো এবং তাদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করাই এ উৎসবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি রাকেশ রায়, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার বর্মন, নারী বিষয়ক সম্পাদক পায়েল গুপ্তা, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমো রায় এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফাহিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।