EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদগাহ মাঠে আম, পেয়ারা, নিমসহ নানা প্রজাতির চারা রোপণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় ঈদগাহ মাঠে গাছের চারা রোপণ করছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

অ অ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখা। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বায়তুল আমান জামে মসজিদের ঈদগাহ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আম, পেয়ারা, নিমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ঈদগাহ কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (মন্টু)। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক (রনি), উপদেষ্টা আলহাজ মো. শওকত কারিগর, কমিটির সদস্য মো. মহিদুল ইসলাম, মো. সাত্তার হোসেন এবং মো. আশিক। 

সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি মানুষের জীবন ও পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উপাদান। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। 

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজ রোপণ করা গাছগুলো ভবিষ্যতে পরিবেশের সৌন্দর্য বাড়াবে, ছায়া দেবে এবং মানুষের উপকারে আসবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন