EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মা-বাবাহীন রাকিবের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

মা-বাবাহীন রাকিবের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল শুভসংঘ
অ অ

মা-বাবা নেই। জীবনের শুরুতেই হারিয়েছে আপনজনের ছায়া। নানা প্রতিকূলতা ও অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা থামায়নি রাকিব। মেধা ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে সম্প্রতি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে। তবে এসএসসির পর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার খরচ জোগাড় করা নিয়ে অনিশ্চয়তায় পড়ে রাকিবের পড়াশোনা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা গ্রামের রাকিব বর্তমানে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। মৌচাক মডেল স্কুল থেকে এসএসসি পাস করা রাকিবের ইচ্ছা প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। কিন্তু ভর্তির অর্থ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিল সে।

রাকিবের সেই দুশ্চিন্তা দূর করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের উদ্যোগে রাকিবের একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় অর্থ তার হাতে তুলে দেওয়া হয়।

শুভসংঘের সদস্যরা বলেন, আর্থিক সংকট বা পারিবারিক প্রতিকূলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। রাকিবের মতো শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নীরঞ্জন চন্দ্র দাস বলেন, ‘শুভসংঘের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ করা এবং অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়ানো। রাকিবের পিতা-মাতা নেই, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি রয়েছে। অর্থের অভাবে যাতে তার শিক্ষাজীবন থেমে না যায়, সে জন্য আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তার সফল যাত্রায় শুভসংঘ পাশে থাকবে।’

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে প্রতিকূলতার মধ্যেও অনেক মেধাবী তরুণ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। ছোট একটি সহযোগিতাও একজন শিক্ষার্থীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

সংগঠনের শুভানুধ্যায়ী মানিক হোসেন রতন বলেন, ‘একটি সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাকিবের মতো এতিম ও মেধাবী তরুণদের আমরা একা রেখে দেব না। শিক্ষার আলো থেকে যেন কোনো সন্তান বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা শুভসংঘ এ ধরনের উদ্যোগ নিয়ে যাচ্ছে।’

সহায়তা পাওয়ার পর রাকিবের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। সে বলে, ‘মা-বাবা না থাকায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। কীভাবে ভর্তি হব, পড়াশোনা কীভাবে চালিয়ে যাব—এসব নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শুভসংঘ আমার পাশে দাঁড়ানোয় সেই চিন্তা অনেকটাই দূর হয়েছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চাই।’

শিক্ষা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কার্যকরী সদস্য সবুজ কুমার সরকার, আব্দুল হোসেন ও তরিকুল ইসলাম সাহেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী।

আরও পড়ুন