দামুড়হুদায় মোবাইল আসক্তি ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা সভা
ডেইলি সান রিপোর্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহাজনপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি হাজী আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শফিকুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মাওলানা কুতুব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, মোবাইল ফোন ও ইন্টারনেট শিক্ষার্থীদের পড়াশোনা, তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারে পড়াশোনায় মনোযোগ কমার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, সংযম ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতনতার কারণে শিক্ষার্থীরা সাইবার হয়রানি, প্রতারণা ও ভুয়া তথ্যের শিকার হতে পারে। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি ও পাসওয়ার্ড শেয়ার না করার পাশাপাশি সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।
প্রধান অতিথি আবুল হাসেম বলেন, ‘মোবাইল ফোন ও ইন্টারনেটকে ভয় পাওয়ার বিষয় নয়; সঠিকভাবে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ। পড়াশোনা, জ্ঞান অর্জন ও সৃজনশীল কাজে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। অপ্রয়োজনে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষার্থী সাইবার হয়রানি বা প্রতারণার শিকার হলে বিষয়টি গোপন না রেখে অভিভাবক, শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একটি ভুল ক্লিক বা অসচেতন আচরণ অনেক সময় বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।’
সভায় শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ, অপরিচিত ব্যক্তির পাঠানো বার্তা ও লিংক এড়িয়ে চলা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অনলাইনে হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত পরিবার ও শিক্ষকদের জানানোর পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সদস্য সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শুভসংঘের নেতৃবৃন্দ।