EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রুমাদের

দুর্গাপুরে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, দূর্গাপুর (নেত্রকোনা)

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

দুর্গাপুরে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
অ অ

স্বামীহারা রুমা আক্তারের জীবনে অভাব নিত্যসঙ্গী। ১২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে সংসারের হাল ধরেছেন তিনি। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে টাকার অভাবে ছেলের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

এ অবস্থায় রুমার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। এই মেশিন দিয়ে কাজ করে আয় করে সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন রুমা।

রুমা আক্তার বলেন, ‘আমার স্বামী মারা গেছেন ১২ বছর আগে। এরপর থেকেই খুব কষ্টে দিন কাটছে। অভাবের মধ্যেও দুই সন্তানকে পড়াশোনা করাচ্ছি। এখন সেলাই মেশিন পেয়েছি। এটি দিয়ে কাজ করে আয় করতে পারব। সেই আয় দিয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া আরও সহজ হবে। বসুন্ধরা শুভসংঘের কাছে আমি কৃতজ্ঞ।’

রুমার মতো নেত্রকোনার দুর্গাপুরের ২০ জন অসচ্ছল নারী পেয়েছেন স্বাবলম্বী হওয়ার সুযোগ। তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মেশিনগুলো উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বসুন্ধরা শুভসংঘের সিনিয়র উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুলসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘নারীদের স্বাবলম্বী করে তুলতেই এই সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেলাই মেশিনে কাজ করে আয় করলে সংসারে সচ্ছলতা আসবে। একই সঙ্গে নিজের পায়ের নিচের মাটিও শক্ত হবে।’

তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিয়ে অসংখ্য নারী নিজেদের স্বাবলম্বী করেছেন। কেউ একটি মেশিন দিয়ে কাজ শুরু করে পরে আরও ১০টি মেশিন কিনেছেন। সন্তানদের স্কুলে পড়িয়েছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আবার কেউ নিজে আয় করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু সেলাই মেশিন বিতরণ নয়, তিন মাসের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তোলার পর তাদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হয়েছে। এর ফলে নারীরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও ভূমিকা রাখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, উপকারভোগীরা মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবন বদলে নেবেন এবং অন্য নারীদেরও উৎসাহিত করবেন।

আরও পড়ুন