EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়তে হাকিমপুরে শুভসংঘের উদ্যোগ

শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৫০টি সঞ্চয়ী ব্যাংক বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়তে হাকিমপুরে শুভসংঘের উদ্যোগ
অ অ

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে দিনাজপুরের হাকিমপুরে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৫০টি সঞ্চয়ী ব্যাংক বিতরণ করা হয়। 

রবিবার উপজেলার পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজে শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানবিক মূল্যবোধ, ধৈর্য, অধ্যবসায় ও দায়িত্ববোধ গড়ে তোলাও ছিল এর লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন। তিনি শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। শুভসংঘের এ উদ্যোগ শিক্ষার্থীদের অর্থের মূল্য ও সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন করবে।

প্রধান শিক্ষক আরও বলেন, একজন শিক্ষার্থী নিজের সামর্থ্য অনুযায়ী নানাভাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল জীবনযাপনের মাধ্যমে ভবিষ্যতে আত্মনির্ভর হওয়ার প্রস্তুতি নিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার দিকনির্দেশনা দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রজীবন শুধু বই-খাতা ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভবিষ্যৎ জীবন গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও পরিকল্পিত জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। সঞ্চয়ের অভ্যাসও এর গুরুত্বপূর্ণ অংশ।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রতিদিনের সামান্য সঞ্চয়ও একসময় বড় হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে টাকা জমানোর অভ্যাস করতে হবে। একই সঙ্গে সঞ্চয়ের পাশাপাশি সততা, পরিশ্রম, ধৈর্য ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইউসুফ আলী, শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, মুস্তাকিম ইসলাম ও কার্যকরী সদস্য শাহরিয়ার নাজিম শিহাব। এ ছাড়া শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সঞ্চয়ী ব্যাংক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে এবং তারা ভবিষ্যৎ জীবন সম্পর্কে আরও দায়িত্বশীল ও পরিকল্পনামুখী হবে।

আরও পড়ুন