EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ২০ নারী

নারীদের নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

নেত্রকোনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ২০ নারী

নেত্রকোনায় অসহায় ও অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ।

অ অ

নেত্রকোনা সদরে অসহায় ও অসচ্ছল ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিন বিতরণ করা হয়। নারীদের নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।

মেশিন পাওয়া নারীদের একজন রাখি আক্তার। তিনি নিঃসন্তান, স্বামী বেকার। ফলে সংসারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। সন্তান না থাকায় শ্বশুরবাড়িতে নানা সময় অবহেলারও শিকার হতে হয়েছে তাঁকে। তবে এ অবহেলা তাঁকে ভেঙে দেয়নি, বরং নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছাকে আরও শক্ত করেছে।

রাখি আক্তার বলেন, ‘আমার কোনো সন্তান নেই, স্বামীও বেকার। সংসারে নিজের কোনো আয় না থাকায় অনেক সময় অবহেলা সহ্য করতে হয়। সব সময় অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না। এই মেশিনটা পেয়েছি, এখন কাজ শিখে আয় করতে চাই। নিজের পায়ে দাঁড়াতে পারলে হয়তো আমার জীবনটাও বদলে যাবে।’

ইতি রানী দাসের সংগ্রাম অন্য রকম। তাঁর স্বামী ঢাকার একটি গার্মেন্টসে স্বল্প বেতনে কাজ করেন। একমাত্র উপার্জন দিয়ে সংসারের সব প্রয়োজন মেটানো কঠিন। তাই স্বামীর আয়ের পাশাপাশি নিজেও কিছু করার তাগিদ ছিল তাঁর। কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্য ছিল না। শুভসংঘের দেওয়া মেশিনটি এখন তাঁর কাছে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

ইতি রানী দাস বলেন, ‘স্বামীর স্বল্প বেতনের আয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়। আমিও চাই সংসারের জন্য কিছু করতে। কিন্তু নিজের একটা মেশিন কেনার সামর্থ্য ছিল না। এখন মেশিন পেয়েছি। কাজ করে আয় করতে পারলে সংসারে স্বামীকে সহযোগিতা করতে পারব। আমার নিজেরও একটা পরিচয় তৈরি হবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, লেখক ও প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তী চক্রবর্তী, বসুন্ধরা শুভসংঘের নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগম, নিউজ২৪-এর টেলিভিশন প্রতিনিধি সোহান আহমেদ কাকন, কালের কণ্ঠের প্রতিনিধি এবাদ হোসেন, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম টনি।

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, বসুন্ধরা শুভসংঘ অনগ্রসর নারীদের স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মতে, স্বাধীনতা অর্জনের কারণেই আজ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ শিল্পপ্রতিষ্ঠান গড়ার পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়ন ও জাতি গঠনে কাজ করতে পারছে।

তিনি আরও বলেন, নেত্রকোনার প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিলে গ্রামের অর্থনীতি চাঙ্গা হবে এবং অবহেলিত নারী সমাজ স্বনির্ভর হয়ে উঠবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে এবং স্বামী-স্ত্রী উভয়ে উপার্জন করলে একটি সংসারের ভিত্তি যেমন মজবুত হবে, তেমনি দেশও সুন্দর অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

শ্যামলেন্দু পাল বলেন, বসুন্ধরা গ্রুপ কেবল নিজেদের আয়ের কথা চিন্তা না করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এর ফলে প্রতিটি পরিবার উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে, এমন আশা ব্যক্ত করে তিনি বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন