EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পাবনায় পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা

ডেইলি সান রিপোর্ট, পাবনা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

পাবনায় পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা
অ অ

নদী, খাল, বিল ও পুকুরে ঘেরা বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি পাবনায় পানিতে ডুবে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

এর অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ৫৩ নম্বর সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় বিদ্যালয়ের শিক্ষক ও চতুর্থ-পঞ্চম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির অভাব, সাঁতার না জানা, জলাশয়ের পাশে নিরাপত্তাবেষ্টনী না থাকা এবং বাড়িতে বালতি, ড্রাম, হাঁড়ি-পাতিলের মতো পানিভর্তি পাত্র খোলা রাখা পানিতে ডুবে শিশুমৃত্যুর অন্যতম কারণ। শিশুদের একা পুকুর, নদী, খাল বা অন্য কোনো জলাশয়ের কাছে যেতে দেওয়া যাবে না। বাড়ির আশপাশের ঝুঁকিপূর্ণ জলাশয় নিরাপদ করার পাশাপাশি শিশুদের সাঁতার ও পানি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্মী পারভীন বলেন, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং বয়স উপযোগী সময়ে শিশুদের সাঁতার শেখাতে হবে। তবে সাঁতার জানা শিশুকেও একা বা গভীর পানিতে নামতে দেওয়া যাবে না। কোনো শিশুকে পানিতে ডুবে যেতে দেখলে নিজেরা ঝুঁকি নিয়ে পানিতে না নেমে দ্রুত বড়দের জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নিতে হবে। সম্প্রতি পাবনা সদর উপজেলার চরতারাপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।

বসুন্ধরা শুভসংঘের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তার বলেন, শিশুদের সব সময় দায়িত্বশীল বড় মানুষের নজরদারিতে রাখতে হবে। পুকুর বা জলাশয়ের পাশে শিশুদের খেলতে দেওয়া উচিত নয়। সাঁতার শেখানোর পাশাপাশি পানির ঝুঁকি সম্পর্কেও তাদের সচেতন করতে হবে।

সাধারণ সম্পাদক মো. মারুফ সরদার বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধযোগ্য দুর্ঘটনা। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত সচেতনতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

সভায় পানিতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধারের পর দ্রুত শ্বাস-প্রশ্বাসের অবস্থা পরীক্ষা, প্রয়োজন হলে প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে সিপিআর এবং দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পেট বা বুক চেপে পানি বের করা, শিশুকে ঝুলিয়ে রাখা কিংবা সময় নষ্ট করে ঘরোয়া পদ্ধতি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করা হয়।

বক্তারা বলেন, দুর্ঘটনার পর উদ্ধার করার চেয়ে দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে কার্যকর। এজন্য শিশুর প্রতি নজরদারি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পরিবার ও সমাজে নিয়মিত সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক মো. মারুফ সরদার, সহসভাপতি কে এম হাসান হাফিজুর রহমান, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, আফরোজা নাজনীন, নাহিদ ইসলাম, হাসিনা আক্তার ছন্দা, সুবর্ণা রানী ভৌমিক, জিয়াসমিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন