EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

তাড়াশে ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সভা

কিশোরী ও নারীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

তাড়াশে ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সভা

তাড়াশে ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সভায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে বসুন্ধরা শুভসংঘ।

অ অ

ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কিশোরী ও নারীদের নিরাপদ ঋতুস্রাব ব্যবস্থাপনায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের তাড়াশে সচেতনতামূলক আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহারের হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় কিশোরী, শিক্ষার্থী ও নারীদের সঙ্গে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা, মাসিক স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী নারীদের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ধীরেন্দ্র নাথ, আনন্দ বৌদ্ধ বিহারের সভাপতি দেবী রানী এবং সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঋতুস্রাব নারীর জীবনের একটি স্বাভাবিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে সামাজিক কুসংস্কার, ভুল ধারণা, লজ্জা ও পর্যাপ্ত সচেতনতার অভাবে অনেক কিশোরী ও নারী এ সময় নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত জনগোষ্ঠীর নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি বলে মত দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ঋতুস্রাবের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ ও পরিষ্কার উপকরণ ব্যবহার করা এবং নির্দিষ্ট সময় পরপর স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহৃত ন্যাপকিন যথাযথভাবে প্যাকেটজাত করে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়েও সচেতন হতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং অস্বাভাবিক ব্যথা, অতিরিক্ত রক্তপাত বা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় মাসিককে ঘিরে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পরিবারে মেয়েদের সঙ্গে ঋতুস্রাব নিয়ে খোলামেলা ও ইতিবাচক আলোচনা করা হলে তাদের ভয় ও সংকোচ কমবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাও প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারী ও কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন