EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের স্পোকেন ইংলিশ কর্মশালার সমাপনী

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের স্পোকেন ইংলিশ কর্মশালার সমাপনী
অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী বিনামূল্যের স্পোকেন ইংলিশ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। সার্টিফিকেট গ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাদিউজ্জামান, আব্দুল্লাহ আল-খালেদ, মার্জিয়া আক্তার, সুমাইয়া আক্তার ও লামিয়া খাতুন। এ ছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুমি আক্তার, ইডেন মহিলা কলেজের ফারিয়া হক তাজিম, হোম ইকোনমিকসের মুসলেমিনা সুলতানা ও ঢাকা কলেজের রোমান ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন, সাবেক সভাপতি আবু হুরায়রা আতিক, সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী, সহ-সভাপতি প্রিয়া আক্তার ও শিরিন আক্তার এবং হল প্রতিনিধি মাহাবুবুর রহমান, মাসুদ রানা ও রুবায়েত রাব্বি।

তিন মাসব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ওয়ান একাডেমির পরিচালক মো. হীরা সরকার।

কর্মশালার প্রশিক্ষক মো. হীরা সরকার বলেন, বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এবং ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যৌথ সহযোগিতায় তিন মাসের বিশেষ এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময়ে অংশগ্রহণকারীদের ইতিবাচক মানসিকতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব বিকাশ ও মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছেন এবং তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে তারা যাত্রার অনেকটা পথ এগিয়ে গেছেন। তিনি এই অগ্রগতিকে বসুন্ধরা শুভসংঘের সার্থকতা বলে উল্লেখ করেন এবং পরবর্তী সেশন দ্রুত শুরুর আশ্বাস দেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন ইংরেজিতে কথা বলার দক্ষতার পাশাপাশি একাডেমিক জীবন, চাকরির প্রস্তুতি ও ভাইভায় আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগের সক্ষমতাও তৈরি করেছে। তারা নিয়মিত স্পোকেন ইংলিশ সেশন ও ভবিষ্যতে আরও উন্নত কর্মশালার প্রত্যাশা জানিয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন