EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

স্বামীহারা বধির মরিয়মের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

স্বামীহারা বধির মরিয়মের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
অ অ

কুমিল্লার লালমাইয়ে বধির ও বিধবা মরিয়ম আক্তারের বাড়িতে খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বিয়ের কয়েক বছর পর স্বামীকে হারান মরিয়ম। এরপর থেকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে কোনোরকমে সংসার চালান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাও তার জন্য কঠিন হয়ে উঠেছিল।

বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামে মরিয়মের বাড়িতে যান। দৈনিক কালের কণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের তত্ত্বাবধানে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সদস্য শাহাদাত হোসেন নয়ন, সাজ্জাদ হোসেন ছোটন এবং স্থানীয় বাসিন্দা আবদুস সাত্তার।

মরিয়মকে খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয় সেদ্ধ চাল, সয়াবিন তেল, ডাল, লবণ, আটা, পেঁয়াজ, রসুন, মসলা, ডিটারজেন্ট পাউডার, নুডলস ও একটি বালতি।

সহায়তা পেয়ে মরিয়ম বলেন, এভাবে আগে কোনো সংগঠন খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা আমার পরিবারের অনেক বড় উপকারে এসেছে।

বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না বলেন, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমরা এর আগে প্রতিবন্ধী জাবেদ ওমর ও গৃহকর্মী শাহানারার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এবার প্রতিবন্ধী মরিয়মকে দিতে পেরেছি। আগামীতে নিশ্চয় অন্য কোনো অসহায় ও দুস্থদের বাড়িতে হাজির হবে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি দন্ত সেবা, নারী শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য সেবা, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, হাম সচেতনতায় সেমিনার ও এতিমদের সাথে ইফতারসহ অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। আশা করি আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় কর্মসূচি রাখবেন।

আরও পড়ুন