EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

রাজশাহীতে তরুণদের মানসিক স্বাস্থ্য বিকাশে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আড্ডা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

রাজশাহীতে তরুণদের মানসিক স্বাস্থ্য বিকাশে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আড্ডা
অ অ

তরুণ প্রজন্মকে মানসিকভাবে সুগঠিত, আত্মবিশ্বাসী ও ইতিবাচক চিন্তাধারায় গড়ে তোলার পাশাপাশি মানসিক সুস্থতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে এক ব্যতিক্রমী উন্মুক্ত আড্ডার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ সচেতনতামূলক আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের তরুণ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে দৈনন্দিন জীবনের মানসিক চাপ, ক্যারিয়ারচিন্তা, হতাশা, একাকিত্ব ও আত্মবিশ্বাসের সংকটসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদর্শ কারিগরি কলেজের প্রভাষক রিকতা পারভিন।

আলোচনায় প্রভাষক রিকতা পারভিন বলেন, ‘শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিকূলতায় তরুণদের মনে হতাশা আসতেই পারে; তবে সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখলে অধিকাংশ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’ তরুণদের অনুভূতির কথা প্রকাশের সুযোগ তৈরি করা এবং গভীর মনোযোগ দিয়ে তা শোনার ওপর জোর দেন তিনি।

আড্ডায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পড়ালেখার চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। মুখ্য আলোচক তাঁদের এসব উদ্বেগের নানা সমাধান ও দিকনির্দেশনা দেন। বক্তারা উল্লেখ করেন, তরুণদের মানসিকভাবে দৃঢ় করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়া, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া হক, অর্থ সম্পাদক তাহসিন শেখ, সদস্য সাফায়াত আহমেদ ও কায়সার সামিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, তরুণদের মনস্তাত্ত্বিক ও মানবিক বিকাশে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত পালন করবে।

আরও পড়ুন