EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র মডেল স্কুলে বসুন্ধরা শুভসংঘের বই উপহার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র মডেল স্কুলে বসুন্ধরা শুভসংঘের বই উপহার
অ অ

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জেলার বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বই উপহার দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সাত শতাধিক বই প্রতিষ্ঠানের লাইব্রেরি ও সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ‘সততা মিলনায়তনে’ এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম. আবদুস সালাম, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল বই পড়ার মাধ্যমে মানবিক গুণাবলিসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় লেখকের উপহারের বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

ফারিহা সুলতানা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ইমদাদুল হক মিলন স্যারের উপস্থিতি ও তাঁর বক্তব্য আমাদের নতুন কিছু ভাবতে শিখিয়েছে। মিলন স্যার তখনই আমাদের তাঁর লেখা বই উপহার দিয়েছিলেন। পরে আমাদের প্রতিষ্ঠানের লাইব্রেরি দেখে তিনি আনন্দিত হন এবং আরও বই দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ সেই স্বপ্ন পূরণ হলো। আমরা খুবই আনন্দিত। বইগুলো মনোযোগ দিয়ে পড়ে আমরা অনেক কিছু শিখতে পারব।’

উল্লেখ্য, অতি সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সেলাই প্রশিক্ষণ শেষে গাইবান্ধার ১০০ নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

আরও পড়ুন