সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ
শিক্ষার্থীদের মাঝে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম
‘সবুজে সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার বন্যাকান্দী নাইম উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখার সভাপতি অধ্যাপক রাশেদা সুলতানা রোজীর সভাপতিত্বে এবং সাংবাদিক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শাহনাজ পারভীন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জুলফিকুর রহমান, সদস্য হায়দার আলী আকন্দ, আজমল হক তালুকদার, সালাম শেখ, পল্লী চিকিৎসক ডা. গোলাম সালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন ও সাফওয়ান এবং বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য স্বপ্না খাতুন, জান্নাতুল, সাংবাদিক আলামিন হোসেন, এনামুল হকসহ শুভসংঘের বিভিন্ন সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করেন।
গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সে জানায়, ‘বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগে আমি খুবই আনন্দিত। গাছটি বাড়িতে রোপণ করে নিয়মিত পরিচর্যা করব।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হায়দার আলী আকন্দ বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা টিস্যুর এ জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।’
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।