ববিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
সারাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ, তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের সামনে আম, কাঁঠাল, পেয়ারা ও নিমসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ববি শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন। সহ-সভাপতি নূর ইসলাম নিয়ন। সহ-সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার। দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ইভেন্ট সম্পাদক সুমাইয়া সিরাজ সিমি। কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জীবন। সদস্য সুজন শিকদার ও জুবায়ের রহমান।
এসময় সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এই ধরনের যেকোনো ইতিবাচক ও ভালো কাজে আমি সবসময় তোমাদের পাশে থাকবো। গাছ আমাদের পরম বন্ধু। তবে কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন। আশা করি তোমরা এই চারাগুলোর সঠিক যত্ন নেবে।
বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রতিবছর এই সময় আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করি। পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করাও আমাদের অন্যতম লক্ষ্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও শুভসংঘের সহযোগিতায় ক্যাম্পাসে আরও বড় পরিসরে পরিবেশ, শিক্ষা ও সমাজসেবামূলক নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।