EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গাইবান্ধার তিন উপজেলায় ৩৬ নারীর হাতে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

প্রশিক্ষণ শেষে গাইবান্ধার তিন উপজেলার ৩৬ নারীকে উপহার দিল বসুন্ধরা গ্রুপ; স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন আলোরাধার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

গাইবান্ধার তিন উপজেলায় ৩৬ নারীর হাতে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ নেওয়া ৩৬ নারীর হাতে মেশিন তুলে দেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। ছবি: সংগৃহীত

অ অ

নানা সামাজিক বৈষম্য, চরম দারিদ্র্য আর অবহেলার দেয়াল টপকে ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত গাইবান্ধার আলোরাধা। হরিজন সম্প্রদায়ের এই তরুণী সব বাধা পেরিয়ে এখন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এবার বসুন্ধরা শুভসংঘের দেওয়া একটি সেলাই মেশিন তাঁর স্বপ্নপূরণের পথে নতুন আলোর দিশা দেখাচ্ছে।

রবিবার (২৬ জুলাই) গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে সদর, ফুলছড়ি ও সাদুল্লাপুর উপজেলার দারিদ্র্যের সঙ্গে লড়াই করা ৩৬ নারীর হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ শেষে তাদের এই সেলাই মেশিন দেওয়া হয়।

আলোরাধা বলেন, ‘ছোটবেলা থেকেই দেখেছি বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন। সমাজে আমরা অনেক সময় অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছি। তবুও পড়াশোনা ছাড়িনি। এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। স্বপ্ন দেখি নিজের পায়ে দাঁড়ানোর। বসুন্ধরা শুভসংঘের দেওয়া এই সেলাই মেশিন আমার কাছে শুধু একটি মেশিন নয়, এটি নতুন জীবনের আশা। আমি বিভিন্ন ধরনের পোশাক, ব্লাউজ, ফ্রক, পায়জামা ও শিশুদের পোশাক সেলাই করতে পারি। এখন ঘরে বসেই কাজ করে সংসারে আয় করতে পারব, পড়াশোনার খরচও চালাতে পারব। আমি চাই সমাজের বোঝা হয়ে নয়, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে।’

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের দেওয়া এই সেলাই মেশিন আপনাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি মাধ্যম। এটি কাজে লাগিয়ে নিজের পরিবারের পোশাক তৈরির পাশাপাশি আয়ও করা সম্ভব। আমরা চাই আপনারা এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হোন, সন্তানদের শিক্ষিত করুন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, নাট্যকর্মী মানিক বাহার।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য হুমায়ুন আহম্মেদ বিপ্লব, আহসানিয়া তাসনিম, সুমাইয়া আক্তার, ছামিউল বাসির, আশিদুল ইসলাম, সোহানুর রহমান, আহসান আজিম প্রধান, তৌহিদুল ইসলাম, আফিয়া ইভা, দীবাকর মোদক, সজীব সরকার, সুমাইয়া খাতুন, আবিদা আক্তার, আফরিন আক্তার, সিনথিয়া আক্তার।

আরও পড়ুন