দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের নিখরচায় রক্তের গ্রুপ পরীক্ষা করল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে পরীক্ষা করাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা (ফ্রি ব্লাড গ্রুপিং) কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এতে স্থানীয় আলহেরা দারুল উলুম মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।
রবিবার (২৬ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা নিরাপদ পদ্ধতিতে রক্তের গ্রুপ পরীক্ষা করেন। পাশাপাশি রক্তদানের উপকারিতা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন এবং রক্তদান নিয়ে ভুল ধারণা দূর করতে সচেতনতামূলক আলোচনা করা হয়। জীবনের প্রথমবারের মতো রক্তের গ্রুপ জানতে পেরে অনেক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠান বাস্তবায়নে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী, সদস্য মনিরুল ইসলাম মনির, জসিম ইসলাম ও উপদেষ্টা শেখ ফরিদ।
মাদরাসার অধ্যক্ষ মো. সোয়াইব কাশেমী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘েআমাদের অনেক শিক্ষার্থী ও শিক্ষক রক্তের গ্রুপ জানতেন না। বসুন্ধরা শুভসংঘ বিনামূল্যে এই সুযোগ করে দিয়ে একটি প্রশংসনীয় কাজ করেছে।’
সংগঠনটির সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, ‘জরুরি চিকিৎসার সময় রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। এটি না জানা থাকলে চিকিৎসা বিলম্বিত হতে পারে। সাধারণ মানুষের সহায়তায় ভবিষ্যতেও শুভসংঘের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে এমন সেবার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি ধন্যবাদ জানান এবং এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।