জনসচেতনতা বৃদ্ধিতে মনপুরায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
ডেইলি সান রিপোর্ট, ভোলা
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
ভোলার মনপুরায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন।
এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ সামির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সহসভাপতি মো. জিহাদ মুন্সী, মো. রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানজিলা রহমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিমলা আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাফসির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফাহাদ, অর্থ সম্পাদক মো. রিফাত, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জাহিদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, কার্যকরী সদস্য আন্জুমারা মিম, মো. ফাহিম ও মো. ওমর মাহমুদসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব, কুসংস্কার ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অতিথির বক্তব্যে মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, ‘একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব।
সমাজের সব মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সামাজিক সমস্যা দূর করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মনপুরা উপজেলায় সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা আয়োজন করায়।'
মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, ‘পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে নতুন প্রজন্ম মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠতে পারে। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটি মনপুরার যুবসমাজকে মানবিক ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েব বলেন, ‘উপকূলীয় জনপদ মনপুরার উন্নয়নে সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক উন্নয়নে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’
সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ সামি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে মনপুরাকে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে একটি অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’