তাড়াশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিরল প্রজাতির বৃক্ষরোপণ
ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
পরিবেশ সংরক্ষণ এবং বিরল ও মহাবিপন্ন প্রজাতির বৃক্ষ রক্ষায় সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলা সদরের মডেল মসজিদ, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার এবং মাধাইনগর খ্রিস্টান মিশনারি চার্চ প্রাঙ্গণে বিরল ও মহাবিপন্ন প্রজাতির বৃক্ষসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রোপণ করা চারা গাছের মধ্যে ছিল চাপালিশ, বৈলাম, বুদ্ধ নারিকেল, বকুল, নিম, পলাশ, বহেড়া, আমলকী ও হরিতকী।
বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ, সাংবাদিক এম. আতিকুল ইসলাম বুলবুল, মো. সাজেদুল আলম, লেখক-গবেষক উজ্জল মাহাতো, এম. এ. মাজিদ, মৃণাল সরকার মিলু এবং উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ।
অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। বিশেষ করে বিরল ও মহাবিপন্ন প্রজাতির গাছ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লেখক-গবেষক উজ্জল মাহাতো বলেন, বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় সবাইকে এমন সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে তাড়াশ মডেল মসজিদের তত্ত্বাবধায়ক ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এম. এ. মাজিদ, সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী, আনন্দ বৌদ্ধ বিহারের সভাপতি দেবী রানী এবং মাধাইনগর খ্রিস্টান মিশনারি চার্চের ফাদার কার্লো বুদজি পিমে একাত্মতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিরল প্রজাতির বৃক্ষের বিস্তারে ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।