সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
ডেইলি সান রিপোর্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং এতিম শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চর্চা উৎসাহিত করতে সাতক্ষীরায় পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (১৮ জুলাই) সদর উপজেলার মধ্য মাছখোলা এলাকার হাজী শামছুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. ইবরাহিম হোসেন, দ্বিতীয় হন মো. রায়হান হোসেন এবং তৃতীয় স্থান লাভ করেন মো. সাআদ হোসেন।
বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. উসমান গনি, নাযেরা বিভাগের শিক্ষক হাফেজ মো. মোকলেছুর রহমান, নূরানী বিভাগের শিক্ষক মো. আব্দুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মো. সুমন আলী, সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান, ক্যাশিয়ার মো. আব্দুল্লাহ, খাদেম মো. তহিদুল ইসলাম, সদস্য ও প্রভাষক মো. আব্দুস সাত্তার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, কুরআনের শিক্ষা শুধু শুদ্ধ তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মাদ্রাসার সদস্য মো. আব্দুস সাত্তার বলেন, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শিশুদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং তাদের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশ সম্ভব। কুরআনের শিক্ষা মানবিক মূল্যবোধ, সততা ও আদর্শ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।