EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য পাঠচক্র অনুষ্ঠিত

তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সাহিত্যচর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে এ সাহিত্য পাঠচক্র

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য পাঠচক্র অনুষ্ঠিত

এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে পাঠচক্রে অংশ নেন শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা। ছবি: সংগৃহীত

অ অ

তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চার পরিবেশ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত সাহিত্য বিষয়ক পাঠচক্র। বইয়ের গুরুত্ব, পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা ও মুক্তচিন্তার বিকাশ নিয়ে আলোচনা, সাহিত্য পাঠ ও মতবিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মাদারীপুরের এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই পাঠচক্রে শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী তরুণ, লেখক, কবি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা নির্বাচিত বিভিন্ন সাহিত্যকর্ম পাঠ ও উপস্থাপনের পাশাপাশি সেগুলোর ভাব, ভাষা, সাহিত্যমান ও সমাজ-বাস্তবতার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আয়োজনে বইপাঠের গুরুত্ব ও সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুক্তিনির্ভর আলোচনা ও বইকে ঘিরে উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন হয়ে ওঠে শিক্ষণীয়।

কবি ও সাহিত্য বিশারদ মিলন সব্যসাচী বলেন, একটি ভালো বই কেবল জ্ঞানের দুয়ারই উন্মোচন করে না, মানুষের মনন, রুচি ও মানবিক বোধকেও সমৃদ্ধ করে। তরুণদের বইমুখী করতে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

শিক্ষক ও সাহিত্য গবেষক মাসুদ সুমন বলেন, ‘বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের সুন্দর ও সময়োপযোগী আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক জোবায়ের জাহিদ বলেন, ‘একটি ভালো বই একজন মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বই উপহার ও পাঠচক্রের মতো উদ্যোগ তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সাহিত্যপ্রেমী হিসেবে বিকশিত হতে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি। তাই বইপাঠকে জনপ্রিয় করতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।’

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, ‘বই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। একটি পাঠকসমাজই পারে একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ে তুলতে। তরুণদের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে পাঠচক্র অত্যন্ত কার্যকর উদ্যোগ।নিয়মিত এমন আয়োজন তরুণদের ইতিবাচক চিন্তা, জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর শাখার উপদেষ্টা ও কবি- ইতিহাস গবেষক সাংবাদিক সুবল বিশ্বাস, শিক্ষক ও সাহিত্য গবেষক মাসুদ সুমন, কবি ও সাহিত্য বিশারদ মিলন সব্যসাচী, শিক্ষক ও বাচিক শিল্পী শাহ আবুল খায়ের, শিক্ষক ও নাট্যকর্মী মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জোবায়ের জাহিদ, সহসভাপতি রাহাত তালুকদার, সদস্য দিদার মোল্লাসহ সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী তরুণ, লেখক, কবি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা।

আরও পড়ুন