লামায় খাদ্য সহায়তা নিয়ে বন্যা-পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের পাশে বসুন্ধরা শুভসংঘ
ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
বান্দরবানের লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা বিতরণ। ছবি: সংগৃহীত
বান্দরবানের লামায় খাদ্য সহায়তা নিয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার পক্ষ থেকে লামা পৌরসভা এলাকায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
খাদ্য সংকটে থাকা প্রান্তিক পরিবারগুলো এ সহায়তা পেয়ে গভীর সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন। দুর্যোগপূর্ণ মুহূর্তে এই ত্রাণসামগ্রী তাদের মানবেতর জীবনযাপনে বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন সুবিধাভোগীরা।
টানা বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সম্প্রতি বান্দরবানের লামা পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ে। এ সময় বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ দুই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। একই সঙ্গে অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের দুর্ভোগ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোতে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে সংগঠনটির উদ্যোগে লামা পৌরসভার নয়াবাজার, মধুঝিরি পূর্বপাড়া, ফরেস্ট কলোনিসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় খাদ্য সহায়তা পাওয়া উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বন্যা পরবর্তী সময়ে তারা পরিবার-পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে ভুগছিলেন। দুর্যোগ ও দুর্দিনে বসুন্ধরা শুভসংঘের এ খাদ্য সহায়তা তাদের ছেলে-মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে।
বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী গরীব, অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আজ আমাদের এই খাদ্য সহায়তা প্রদান। ভবিষ্যতে লামা উপজেলা শাখার সদস্যরা যেকোনো দুর্যোগে আরও বৃহৎ পরিসরে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করবে।’
খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সহ-সভাপতি মো. ইরান, মো. ইয়াছিন মামুন, মো. তারিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ উদ্দিন, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবিদুল হক এবং সদস্য মো. মামুন ও মো. সিহাবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা।
